আমি চাই তাঁরে আমারে দিলেন যিনি সেবিকার সম্মান, ঝড়ে-পড়া ধুতরো ফুল ধুলো হতে তুলে নিলেন যিনি দক্ষিণ করে। ওগো প্রভু, ওগো প্রভু সেই ফুলে মালা গাঁথো, পরো পরো আপন গলায়, ব্যর্থ হতে তারে দিয়ো না দিয়ো না।
সে কোন্ পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই-একলা রাতে-- তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে॥ সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে, হায়, কে তা বোঝে-- কী সুর বাজায় একতারাতে॥ কাল সকালে রইবে না রইবে না তো, বৃথাই কেন আসন পাতো। বাঁধন-ছেঁড়ার মহোৎসবে গান যে ওরে গাইতে হবে নবীন আলোর বন্দনাতে॥