ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে ॥ আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে-- জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥ মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে। মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে। হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো-- জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥
ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা। মন দিয়ে মন পেতে চাহি। ওগো কেন, ওগো, কেন মিছে এ দুরাশা॥ হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়ামরীচিকা, শুধু ঘুরে মরি মরুভূমে। ওগো, কেন ওগো, কেন মিছে এ পিপাসা॥ আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কী অভাব আছে। আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ, কোকিলকূজিত কুঞ্জ। বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়-- এ কী ঘোর প্রেম অন্ধরাহু-প্রায় জীবন যৌবন গ্রাসে। তবে কেন, তবে কেন মিছে এ কুয়াশা॥