যারা কাছে আছে তারা কাছে থাক্, তারা তো পারে না জানিতে-- তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে ॥ যারা কথা বলে তাহারা বলুক, আমি করিব না কারেও বিমুখ-- তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে। নীরবে নিয়ত রয়েছে আমার নীরব হৃদয়খানিতে ॥ তোমার লাগিয়া কারেও, হে প্রভু, পথ ছেড়ে দিতে বলিব না, কভু, যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা-পানে রবে টানিতে-- সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয়খানিতে। সবার সহিতে তোমার বাঁধন হেরি যেন সদা এ মোর সাধন-- সবার সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে। সবার মিলনে তোমার মিলন জাগিবে হৃদয়খানিতে ॥
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে। দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি-- তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে। জাগালে না শিয়রে দীপ জ্বেলে-- এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে, চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ মেলে॥ বিদায়ের যাত্রাকালে পুষ্প-ঝরা বকুলের ডালে দক্ষিণপবনের প্রাণে রেখে গেলে বল নি যে কথা কানে কানে-- বিরহাবারতা অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে॥