তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো, নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো। এমনি নিবিড় ক'রে এরা দাঁড়ায় হৃদয় ভ'রে-- তাই তো আমি জানি বিপুল বিশ্বভুবনখানি অকুল-মানস-সাগর-জলে কমল টলোমলো। তাই তো আমি জানি-- আমি বাণীর সাথে বাণী, আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ, আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥
আমার যে সব দিতে হবে সে তো আমি জানি-- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী ॥ আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা-- সব দিতে হবে ॥ আমার প্রভাত, আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা-- সব দিতে হবে ॥ তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ'রে আমার ক'রে নিয়ে তবে নাও যে তোমার ক'রে। আমার ব'লে যা পেয়েছি শুভক্ষণে যবে তোমার ক'রে দেব তখন তারা আমার হবে-- সব দিতে হবে ॥