মন্দিরে মম কে আসিলে হে! সকল গগন অমৃতগমন, দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে ॥ সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল, সব বীণা বাজিল নব নব সুরে সুরে ॥
মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে আবার ব্যথার টানে নিকটে ফিরাবে ব'লে ॥ আঁধার-আলোর পারে খেয়া দিই বারে বারে, নিজেরে হারায়ে খুঁজি-- দুলি সেই দোলে দোলে ॥ সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণে-- কভু ভয়ে কভু জয়ে, কভু অপমানে মানে। বিরহে ভরিবে সুরে তাই রেখে দাও দূরে, মিলনে বাজিবে বাঁশি তাই টেনে আন কোলে ॥
রাজা মহারাজা কে জানে,আমিই রাজাধিরাজ। তুমি উজীর,কোতোয়াল তুমি, ওই ছোঁড়াগুলো বরকন্দাজ। যত সব কুঁড়ে আছে ঠাঁই জুড়ে কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে। পা ধোবার জল নিয়ে আয় ঝট্, কর্ তোরা সব যে যার কাজ।