তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। আমার যায় বেলা, বয়ে যায় বেলা কেমন বিনা কারণে॥ এই পাগল হাওয়া কী গান-গাওয়া ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে॥ সে গান আমার লাগল যে গো লাগল মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে। ওই আকাশ-ছাওয়া কাহার চাওয়া এমন ক'রে লাগে আজি আমার নয়নে॥
হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু, আমি ক্ষুদ্র অশ্রুবিন্দু তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি, তার পরে সব নীরব শান্তিরাশি– তার পরে শুধু বিষ্মৃতি আর ক্ষমা– শুধাব না আর কখন্ আসিবে অমা, কখন্ গগনে উদিবে পূর্ণ ইন্দু।।