কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়? জয় অজানার জয়। এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়! জয় অজানার জয় ॥ জানাশোনার বাসা বেঁধে কাটল তো দিন হেসে কেঁদে, এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়। জয় অজানার জয় ॥ মরণকে তুই পর করেছিস ভাই, জীবন যে তোর তুচ্ছ হল তাই। দু দিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে, চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়? জয় অজানার জয় ॥
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে ॥ সাঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি-ঢালা, বরফ-জমা সারা হলে নদী হয়ে গলবে ॥ ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে ॥