ওকি সখা, কেন মোরে কর তিরস্কার! একটু বসি বিরলে কাঁদিব যে মন খুলে তাতেও কী আমি বলো করিনু তোমার। মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়, একটু আদরের তরে ধরি নি তো পায়-- তবে আর কেন, সখা, এমন বিরাগ-মাখা ভ্রূকুটি এ ভগ্নবুকে হানো বার বার জানি জানি এ কপাল ভেঙেছে যখন অশ্রুবারি পারিবে না গলাতে ও মন-- পথের পথিকও যদি মোরে হেরি যায় কাঁদি তবুও অটল রবে হৃদয় তোমার॥
দূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে। যা তোরা যা সখী, যা শুধা গে ওই আকুল অধর আঁখি কী ধন যাচে। ছি ওলো ছি, হল কী, ওলো সখী। লাজবাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল! কেমনে যাব। কী শুধাব। লাজে মরি, কী মনে করে পাছে। যা, তোরা যা সখী, যা শুধা গে, ওই আকুল অধর আঁখি কী ধন যাচে॥