একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি-- তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী। কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥ যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি॥
সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো। দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো ॥ মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর-- থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা। উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা। তোমাতে আমাতে হয় নি যে কথা মর্মে আমার আছে সে বারতা-- না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো ॥