আরে , কী এত ভাবনা কিছু তো বুঝি না। সময় বহে যায় যে। কখন্ এনেছি মোরা , এখনো তো হল না। এ কেমন রীতি তব বাহ্ রে। না না হবে না , এ বলি হবে না– অন্য বলির তরে যা রে যা। অন্য বলি এ রাতে কোথা মোরা পাব ! এ কেমন কথা কও , বাহ্ রে।।
না থাকে প্রাসাদ আছে তো কুটির কল্যাণে সুপবিত্র । না থাকে নগর আছে তব বন ফলে ফুলে সুবিচিত্র । তোমা হতে যত দূরে গেছি স’রে তোমারে দেখেছি তত ছোটো ক’রে । কাছে দেখি আজ, হে হৃদয়রাজ, তুমি পুরাতন মিত্র । হে তাপস, তব পর্ণকুটির কল্যাণে সুপবিত্র ।
অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে-- তবে তো ফুল বিকাশে॥ কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে। ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহো পাশে। ওগো, আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয়রতন-আশে। ফিরে এসো ফিরে এসো-- বন মোদিত ফুলবাসে। আজি বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে॥