আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে, আমার মনে। সে আছে ব'লে আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে, প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে॥ সে আছে ব'লে চোখের তারার আলোয় এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালোয়, সে মোর সঙ্গে থাকে বলে আমার অঙ্গে অঙ্গে পুলক লাগায় দখিন সমীরণে। তারি বাণী হঠাৎ উঠে পুরে আনমনা কোন্ তানের মাঝে আমার গানের সুরে। দুখের দোলে হঠাৎ মোরে দোলায় কাজের মাঝে লুকিয়ে থেকে আমারে কাজ ভোলায়। সে মোর চিরদিনের ব'লে তারি পুলকে মোর পলকগুলি ভরে ক্ষণে ক্ষণে॥
তোমার বীণা আমার মনোমাঝে কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে ॥ আকাশ যবে শিহরি উঠে গানে গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে-- তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে। হে বীণাপাণি, তোমার সভাতলে আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে ॥ তোমার বানী কখনো শুনি কখনো শুনি না যে॥ চলিতেছিনু তব কমলবনে, পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে। তোমার সুর ফাগুনরাতে জাগে, তোমার সুর অশোকশাখে অরুণরেণুরাগে। সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনে গুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে। কুহেলী কেন জড়ায় আবরণে-- আঁধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে, তোমার বানী কখনো শুনি কখনো শুনি না যে॥