সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে আমার মেঠো ফুলের পাশাপাশি, তখন শুনেছিলেম তারার বাঁশি॥ যখন সকালবেলা খুঁজে দেখি স্বপ্নে-শোনা সে সুর একি আমার মেঠো ফুলের চোখের জলে সুর উঠে ভাসি॥ এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে, শেষে ধরা দিল ধরার ধূলির 'পরে। এ যে ঘাসের কোলে আলোর ভাষা আকাশ-হতে-ভেসে-আসা-- এ যে মাটির কোলে মানিক-খসা হাসিরাশি॥
কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল, হায় রে॥ নব প্রভাতের তারা সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা। অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল, হায় রে॥ এ যে মুকুটশোভার ধন। হায় গো দরদী কেহ থাক যদি শিরে দাও পরশন। এ কি স্রোতে যাবে ভেসে-- দূর দয়াহীন দেশে কোন্খানে পাবে কূল, হায় রে॥