আমাদের সখীরে কে নিয়ে যাবে রে— তারে কেড়ে নেব, ছেড়ে দেব না—না—না। কে জানে কোথা হতে কে এসেছে। কেন সে মোদের সখী নিতে আসে—দেব’ না।। সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব, বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে— সখীরে নিয়ে যেতে দেব’ না।।
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে জানি নে॥ সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে, পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে, জানি নে॥ সে কি আপন রঙে ফুল রাঙাবে। সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে। ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার। , গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে, জানি নে॥