আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান ॥ আমি তোমার ভুবন-মাঝে লাগি নি, নাথ, কোনো কাজে-- শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ ॥ নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে আমি যেন না রই দূরে, এই দিয়ো মোর মান ॥
আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন। তার আকাশ-ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন॥ মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা। মোদের শালের ছায়াবীথি বাজায় বনের কলগীতি, সদাই পাতার নাচে মেতে আছে আম্লকী-কানন॥ আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে। মোদের প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক তানে, মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক-মন॥