পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই-- সবারে আমি প্রণাম করে যাই॥ ফিরায়ে দিনু দ্বারের চাবি রাখি না আর ঘরের দাবি, সবার আজি প্রসাদবাণী চাই॥ অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি-- পড়েছে ডাক চলেছি আমি তাই॥
বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ-- ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দাম তরঙ্গ॥ উড়িয়ে দেবার, ছড়িয়ে দেবার মাতন তোমার থামুক এবার, নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ॥ তোমার সাধের মুকুল কতই পড়ল ঝরে-- তারা ধুলা হল, তারা ধুলা দিল ভরে। প্রখর তাপে জরোজরো ফল ফলাবার শাসন ধরো, হেলাফেলার পালা তোমার এই বেলা হ'ক ভঙ্গ॥
কে বলে 'যাও যাও'-- আমার যাওয়া তো নয় যাওয়া। টুটবে আগল বারে বারে তোমার দ্বারে, লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া ॥ ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে, আবার জোয়ার-জলে তীরের তলে ফিরে তরী বাওয়া ॥ পথিক আমি, পথেই বাসা-- আমার যেমন যাওয়া তেমনি আসা। ভোরের আলোয় আমার তারা হোক-না হারা, আবার জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া ॥