তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না-- দিনে দিনে উঠছে জমে কতই দেনা। সবাই তোমায় সভার বেশে প্রণাম করে গেল এসে, মলিন বাসে লুকিয়ে বেড়াই মান রহে না। কী জানাব চিত্তবেদন, বোবা হয়ে গেছে যে মন, তোমার কাছে কোনো কথাই আর কহে না। ফিরায়ো না এবার তারে লও গো অপমানের পারে, করো তোমার চরণতলে চির-কেনা।
যা দেবে তা দেবে তুমি আপন হাতে এই তো তোমার কথা ছিল আমার সাথে। তাই তো আমার অশ্রুজলে তোমার হাসির মুক্তা ফলে, তোমার বীণা বাজে আমার বেদনাতে। যা-কিছু দাও, দাও যে তুমি আপন হাতে। পরের কথায় চলতে পথে ভয় করি যে। জানি আমার নিজের মাঝে আছ নিজে। ভুল আমারে বারে বারে ভুলিয়ে আনে তোমার দ্বারে, আপনমনে চলি গো তাই দিনে রাতে। যা-কিছু দাও, দাও যে তুমি আপন হাতে।
ভুত হয়ে দেখা দিল বড়ো কোলাব্যাঙ, এক পা টেবিলে রাখে, কাঁধে এক ঠ্যাঙ। বনমালী খুড়ো বলে, -- 'করো মোরে রক্ষে, শীতল দেহটি তব বুলিয়ো না বক্ষে।' উত্তর দেয় না সে, দেয় শুধু 'ক্যাঙ'।