মনে ভাবিতেছি, যেন অসংখ্য ভাষার শব্দরাজি ছাড়া পেল আজি, দীর্ঘকাল ব্যাকরণদুর্গে বন্দী রহি অকস্মাৎ সারি সারি কুচকাওয়াজের পদক্ষেপে উঠেছে অধীর হয়ে খেপে। লঙ্ঘিয়াছে বাক্যের শাসন, নিয়েছে অবুদ্ধিলোকে অবদ্ধ ভাষণ, ছিন্ন করি অর্থের শৃঙ্খলপাশ সাধুসাহিত্যের প্রতি ব্যঙ্গহাস্যে হানে পরিহাসল সব ছেড়ে অধিকার করে শুধু শ্রুতি — বিচিত্র তাদের ভঙ্গি, বিচিত্র আকূতি। বলে তারা, আমরা যে এই ধরণীর নিশ্বসিত পবনের আদিম ধ্বনির জন্মেছি সন্তান, যখনি মানবকন্ঠে মনোহীন প্রাণ নাড়ীর দোলায় সদ্য জেগেছে নাচিয়া উঠেছি বাঁচিয়া। শিশুকন্ঠে আদিকাব্যে এনেছি উচ্ছলি অস্তিত্বের প্রথম কাকলি। গিরিশিরে যে পাগল-ঝোরা শ্রাবণের দূত, তারি আত্মীয় আমরা আসিয়াছি লোকালয়ে সৃষ্টির ধ্বনির মন্ত্র লয়ে। মর্মরমুখর বেগে যে ধ্বনির কলোৎসব অরণ্যের পল্লবে পল্লবে, যে ধ্বনি দিগন্তে করে ঝড়ের ছন্দের পরিমাপ, নিশান্তের জাগায় যাহা প্রভাতের প্রকান্ড প্রলাপ, সে ধ্বনির ক্ষেত্র হতে হরিয়া করেছে পদানত বন্য ঘোটকের মতো মানুষ শব্দেরে তার জটিল নিয়মসূত্রজালে বার্তাবহনের লাগি অনাগত দূর দেশে কালে। বল্গাবদ্ধ-শব্দ-অশ্বে চড়ি মানুষ করেছে দ্রুত কালের মন্থর যত ঘড়ি। জড়ের অচল বাধা তর্কবেগে করিয়া হরণ অদৃশ্য রহস্যলোকে গহনে করেছে সঞ্চরণ, ব্যূহে বঁধি শব্দ-অক্ষৌহিণী প্রতি ক্ষণে মূঢ়তার আক্রমণ লইতেছি জিনি। কখনো চোরের মতো পশে ওরা স্বপ্নরাজ্যতলে, ঘুমের ভাটার জলে নাহি পায় বাধা — যাহা-তাহা নিয়ে আসে, ছন্দের বাঁধনে পড়ে বাঁধা, তাই দিয়ে বুদ্ধি অন্যমনা করে সেই শিল্পের রচনা সূত্র যার অসংলগ্ন স্খলিত শিথিল, বিধির সৃষ্টির সাথে নারাখে একান্ত তার মিল; যেমন মাতিয়া উঠে দশ-বিশ কুকুরের ছানা — এ ওর ঘাড়েতে চড়ে, কোনো উদ্দ্যেশ্যের নাই মানা, কে কাহারে লাগায় কামড়, জাগায় ভীষণ শব্দে গর্জনের ঝড়, সে কামড়ে সে গর্জনে কোনো অর্থ নাই হিংস্রতার, উদ্দাম হইয়া উঠে শুধু ধ্নি শুধু ভঙ্গি তার। মনে মনে দেখিতেছি, সারা বেলা ধরি দলে দলে শব্দ ছোটে অর্থ ছিন্ন করি — আকাশে আকাশে যেন বাজে, আগ্ডুম বাগ্ডুম ঘোড়াডুম সাজে।
তখন বয়স সাত। মুখচোরা ছেলে, একা একা আপনারি সঙ্গে হত কথা। মেঝে বসে ঘরের গরাদেখানা ধরে বাইরের দিকে চেয়ে চেয়ে বয়ে যেত বেলা। দূরে থেকে মাঝে-মাঝে ঢঙ ঢঙ করে বাজত ঘণ্টার ধ্বনি, শোনা যেত রাস্তা থেকে সইসের হাঁক। হাঁসগুলো কলরবে ছুটে এসে নামত পুকুরে। ও পাড়ার তেলকলে বাঁশি ডাক দিত। গলির মোড়ের কাছে দত্তদের বাড়ি, কাকাতুয়া মাঝে-মাঝে উঠত চীৎকার করে ডেকে। একটা বাতাবিলেবু, একটা অশথ, একটা কয়েতবেল, একজোড়া নারকেলগাছ, তারাই আমার ছিল সাথী। আকাশে তাদের ছুটি অহরহ, মনে-মনে সে ছুটি আমার। আপনারি ছায়া নিয়ে আপনার সঙ্গে যে খেলাতে তাদের কাটত দিন সে আমারি খেলা। তারা চিরশিশু আমার সমবয়সী। আষাঢ়ে বৃষ্টির ছাঁটে, বাদল-হাওয়ায়, দীর্ঘ দিন অকারণে তারা যা করেছে কলরব, আমার বালকভাষা হো হা শব্দ করে করেছিল তারি অনুবাদ। তার পরে একদিন যখন আমার বয়স পঁচিশ হবে, বিরহের ছায়াম্লান বৈকালেতে ওই জানালায় বিজনে কেটেছে বেলা। অশথের কম্পমান পাতায় পাতায় যৌবনের চঞ্চল প্রত্যাশা পেয়েছে আপন সাড়া। সকরুণ মূলতানে গুন্ গুন্ গেয়েছি যে গান রৌদ্রে-ঝিলিমিলি সেই নারকেলডালে কেঁপেছিল তারি সুর। বাতাবিফুলের গন্ধ ঘুমভাঙা সাথীহারা রাতে এনেছে আমার প্রাণে দূর শয্যাতল থেকে সিক্ত আঁখি আর কার উৎকণ্ঠিত বেদনার বাণী। সেদিন সে গাছগুলি বিচ্ছেদে মিলনে ছিল যৌবনের বয়স্য আমার। তার পরে অনেক বৎসর গেল আরবার একা আমি। সেদিনের সঙ্গী যারা কখন চিরদিনের অন্তরালে তারা গেছে সরে। আবার আরেকবার জানলাতে বসে আছি আকাশে তাকিয়ে। আজ দেখি সে অশ্বত্থ, সেই নারকেল সনাতন তপস্বীর মতো। আদিম প্রাণের যে বাণী প্রাচীনতম তাই উচ্চারিত রাত্রিদিন উচ্ছ্বসিত পল্লবে পল্লবে। সকল পথের আরম্ভেতে সকল পথের শেষে পুরাতন যে নিঃশব্দ মহাশান্তি স্তব্ধ হয়ে আছে, নিরাসক্ত নির্বিচল সেই শান্তি-সাধনার মন্ত্র ওরা প্রতিক্ষণে দিয়েছে আমার কানে-কানে।