তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল, বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বল না। তোমারে পাছে সহজে ধরি কিছুরই তব কিনারা নাই-- দশের দলে টানি গো পাছে বিরূপ তুমি, বিমুখ তাই। বুঝি গো আমি বুঝি গো তব ছলনা, যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চল না। সবার চেয়ে অধিক চাহ তাই কি তুমি ফিরিয়া যাও-- হেলার ভরে খেলার মতো ভিক্ষাঝুলি ভাসায়ে দাও। বুঝেছি আমি বুঝেছি তব ছলনা, সবার যাহে তৃপ্তি হল তোমার তাহে হল না।
আমি ভালোবাসি, দেব, এই বাঙালার দিগন্তপ্রসার ক্ষেত্রে যে শান্তি উদার বিরাজ করিছে নিত্য, মুক্ত নীলাম্বরে অচ্ছায় আলোকে গাহে বৈরাগ্যের স্বরে যে ভৈরবীগান, যে মাধুরী একাকিনী নদীর নির্জন তটে বাজায় কিঙ্কিণী তরল কল্লোলরোলে, যে সরল স্নেহ তরুচ্ছায়া-সাথে মিশি স্নিগ্ধপল্লীগেহ অঞ্চলে আবরি আছে, যে মোর ভবন আকাশে বাতাসে আর আলোকে মগন সন্তোষে কল্যাণে প্রেমে-- করো আশীর্বাদ, যখনি তোমার দূত আনিবে সংবাদ তখনি তোমার কার্যে আনন্দিতমনে সব ছাড়ি যেতে পারি দুঃখে ও মরণে।