তুমি যদি আমায় ভালো না বাস রাগ করি যে এমন আমার সাধ্য নাই-- এমন কথার দেব নাকো আভাসও, আমারো মন তোমার পায়ে বাধ্য নাই। নাইকো আমার কোনো গরব-গরিমা-- যেমন করেই কর আমায় বঞ্চিত তুমি না রও তোমার সোনার প্রতিমা রবে আমার মনের মধ্যে সঞ্চিত। কিন্তু তবু তুমিই থাকো, সমস্যা যাক ঘুচি। স্মৃতির চেয়ে আসলটিতেই আমার অভিরুচি। দৈবে স্মৃতি হারিয়ে যাওয়া শক্ত নয় সেটা কিন্তু বলে রাখাই সংগত। তাহা ছাড়া যারা তোমার ভক্ত নয় নিন্দা তারা করতে পারে অন্তত। তাহা ছাড়া চিরদিন কি কষ্টে যায়? আমারো এই অশ্রু হবে মার্জনা। ভাগ্যে যদি একটি কেহ নষ্টে যায় সান্ত্বনার্থে হয়তো পাব চার জনা। কিন্তু তবু তুমিই থাকো, সমস্যা যাক ঘুচি। চারের চেয়ে একের 'পরেই আমার অভিরুচি।
আজ পুরবে প্রথম নয়ন মেলিতে হেরিনু অরুণশিখা-- হেরিনু কমলবরন শিখা, তখনি হাসিয়া প্রভাততপন দিলেম আমারে টিকা-- আমার হৃদয়ে জ্যোতির টিকা। কে যেন আমার নয়ননিমেষে রাখিল পরশমণি, যে দিকে তাকাই সোনা করে দেয় দৃষ্টির পরশনি। অন্তর হতে বাহিরে সকলি আলোকে হইল মিশা, নয়ন আমার হৃদয় আমার কোথাও না পায় দিশা। আজ যেমনি নয়ন তুলিয়া চাহিনু কমলবরন শিখা-- আমার অন্তরে দিল টিকা। ভাবিয়াছি মনে দিব না মুছিতে এ পরশ-রেখা দিব না ঘুচিতে, সন্ধ্যার পানে নিয়ে যাব বহি নবপ্রভাতের লিখা-- উদয়রবির টিকা।