আচ্ছাদন হতে ডেকে লহো মোরে তব চক্ষুর আলোতে। অজ্ঞাত ছিলাম এতদিন পরিচয়হীন-- সেই অগোচরদুঃখভার বহিয়া চলেছি পথে; শুধু আমি অংশ জনতার। উদ্ধার করিয়া আনো, আমারে সম্পূর্ণ করি জানো। যেথা আমি একা সেথায় নামুক তব দেখা। সে মহানির্জন যে গহনে অন্তর্যামী পাতেন আসন, সেইখানে আনো আলো, দেখো মোর সব মন্দ ভালো, যাক লজ্জা ভয়, আমার সমস্ত হোক তব দৃষ্টিময়। ছায়া আমি সবা-কাছে, অস্ফুট আমি-যে, তাই আমি নিজে তাহাদের মাঝে নিজেরে খুঁজিয়া পাই না-যে। তারা মোর নাম জানে, নাহি জানে মান, তারা মোর কর্ম জানে, নাহি জানে মর্মগত প্রাণ। সত্য যদি হই তোমা-কাছে তবে মোর মূল্য বাঁচে, তোমার মাঝারে বিধির স্বতন্ত্র সৃষ্টি জানিব আমারে। প্রেম তব ঘোষিবে তখন অসংখ্য যুগের আমি একান্ত সাধন। তুমি মোরে করো আবিষ্কার, পূর্ণ ফল দেহো মোরে আমার আজন্ম প্রতীক্ষার। বহিতেছি অজ্ঞাতির বন্ধন সদাই, মুক্তি চাই তোমার জানার মাঝে সত্য তব যেথায় বিরাজে।
মুদিত আলোর কমল-কলিকাটিরে রেখেছে সন্ধ্যা আঁধার-পর্ণপুটে উতরিবে যবে নব-প্রভাতের তীরে তরুণ কমল আপনি উঠিবে ফুটে। উদয়াচলের সে তীর্থপথে আমি চলেছি একেলা সন্ধ্যার অনুগামী, দিনান্ত মোর দিগন্তে পড়ে লুটে। সেই প্রভাতের স্নিগ্ধ সুদূর গন্ধ আঁধার বাহিয়া রহিয়া রহিয়া আসে। আকাশে যে গান ঘুমাইছে নিঃস্পন্দ তারাদীপগুলি কাঁপিছে তাহারি শ্বাসে। অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যাননিমগ্ন ভাষা বাণী খুঁজে ফিরে আমার চিত্তাকাশে। জীবনের পথ দিনের প্রান্তে এসে নিশীথের পানে গহনে হয়েছে হারা। অঙ্গুলি তুলি তারাগুলি অনিমেষে মাভৈঃ বলিয়া নীরবে দিতেছে সাড়া। ম্লান দিবসের শেষের কুসুম তুলে এ কূল হইতে নবজীবনের কূলে চলেছি আমার যাত্রা করিতে সারা। হে মোর সন্ধ্যা, যাহা-কিছু ছিল সাথে রাখিনু তোমার অঞ্চলতলে ঢাকি। আঁধারের সাথি, তোমার করুণ হাতে বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি। কত যে প্রাতের আশা ও রাতের গীতি, কত যে সুখের স্মৃতি ও দুখের প্রীতি-- বিদায়বেলায় আজিও রহিল বাকি। যা-কিছু পেয়েছি, যাহা-কিছু গেল চুকে, চলিতে চলিতে পিছে যা রহিল পড়ে, যে মণি দুলিল যে ব্যথা বিঁধিল বুকে, ছায়া হয়ে যাহা মিলায় দিগন্তরে-- জীবনের ধন কিছুই যাবে না ফেলা-- ধুলায় তাদের যত হোক অবহেলা, পূর্ণের পদ-পরশ তাদের 'পরে।
আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে তোমার মনের দিকে। সকালবেলার আলোয় আমি সকল কর্ম ভুলে রইনু অনিমিখে। দেখতে পেলেম তুমি মোরে সদাই ডাক যে-নাম ধ'রে সে-নামটি এই চৈত্রমাসের পাতায় পাতায় ফুলে আপনি দিলে লিখে। সকালবেলার আলোতে তাই সকল কর্ম ভুলে রইনু অনিমিখে। আমার সুরের পর্দাটি আজ হঠাৎ গেল উড়ে তোমার গানের পানে। সকালবেলার আলো দেখি তোমার সুরে সুরে ভরা আমার গানে। মনে হল আমারি প্রাণ তোমার বিশ্বে তুলেছে তান, আপন গানের সুরগুলি সেই তোমার চরণমূলে নেব আমি শিখে। সকালবেলার আলোতে তাই সকল কর্ম ভুলে রইনু অনিমিখে।