অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি, এবার বলো, আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়, সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না। নাহয় আমার নাই সাধনা, ঝরলে তোমার কৃপার কণা তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
বসন্ত এসেছে বনে, ফুল ওঠে ফুটি, দিনরাত্রি গাহে পিক, নাহি তার ছুটি। কাক বলে, অন্য কাজ নাহি পেলে খুঁজি, বসন্তের চাটুগান শুরু হল বুঝি! গান বন্ধ করি পিক উঁকি মারি কয়, তুমি কোথা হতে এলে কে গো মহাশয়? আমি কাক স্পষ্টভাষী, কাক ডাকি বলে। পিক কয়, তুমি ধন্য, নমি পদতলে; স্পষ্টভাষা তব কণ্ঠে থাক বারো মাস, মোর থাক্ মিষ্টভাষা আর সত্যভাষ।