না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে। কাছে তার রই, তবুও ব্যথা যে রয় পরানে॥ যে পথিক পথের ভুলে এল মোর প্রাণের কূলে পাছে তার ভুল ভেঙে যায়, চলে যায় কোন্ উজানে॥ এল যেই এল আমার আগল টুটে, খোলা দ্বার দিয়ে আবার যাবে টুটে, খেয়ালের হাওয়া লেগে যে খ্যাপা ওঠে জেগে সে কি আর সেই অবেলায় মিনতির বাধা মানে॥
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে ॥ আবার জলে ভাসাই ভেলা, ধুলার 'পরে করি খেলা গো, হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ॥ কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি, আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি। আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে গো, নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥