আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে ॥ যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে-- এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে ॥ আমার এ ঘর বহু যতন ক'রে ধুতে হবে মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে ॥
আমার কণ্ঠ তাঁরে ডাকে, তখন হৃদয় কোথায় থাকে ॥ যখন হৃদয় আসে ফিরে আপন নীরব নীড়ে আমার জীবন তখন কোন্ গহনে বেড়ায় কিসের পাকে ॥ যখন মোহ আমায় ডাকে তখন লজ্জা কোথায় থাকে! যখন আনেন তমোহারী আলোক-তরবারি তখন পরান আমার কোন্ কোণে যে লজ্জাতে মুখ ঢাকে ॥