আর কেন, আর কেন, দলিত কুসুমে বহে বসন্ত-সমীরণ। ফুরায়ে গিয়াছে বেলা, এখন এ মিছে খেলা, নিশান্তে মলিন দীপ কেন জ্বলে অকারণ। অশ্রু যবে ফুরায়েছে তখন মুছাতে এলে, অশ্রুভরা হাসিভরা নবীন নয়ন ফেলে। এই লও, এই ধরো, এ মালা তোমরা পরো, এ খেলা তোমরা খেলো, সুখে থাকো অনুক্ষণ।
আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব। আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥ ভরাব না ভূষণভারে, সাজাব না ফুলের হারে-- প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥ জানবে না কেউ কোন্ তুফানে তরঙ্গদল নাচবে প্রাণে, চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব॥