তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ॥ তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে, তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা।
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে। এসে হেসেই বলে, "যা ই যা ই যাই।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, "না না না।' নাচে তা ই তা ই তাই॥ আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে, তোমায় চা ই চা ই চাই।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, "না না না।' নাচে তা ই তা ই তাই॥ বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে, বলে, "আ য় আ য় আয়'॥ বলে, "নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে বেলা যা য় যা য় যায়। বলে, "পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি, সময় না ই না ই নাই।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, "না না না।' নাচে তা ই তা ই তাই॥