জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে॥ চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে-- তাদের আমি চাব, তারা আমায় চাবে॥ জীবন আমার পলে পলে এমনি ভাবে দুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে॥ রঙের খেলার সেই সভাতে খেলে যে জন সবার সাথে তারে আমি চাব, সেও আমায় চাবে॥
আরাম-ভাঙা উদাস সুরে আমার বাঁশির শূন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে ॥ বিরামহারা ঘরছাড়াকে ব্যাকুল বাঁশি আপনি ডাকে-- ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে ॥ আমার প্রাণের কোন্ নিভৃতে লুকিয়ে কাঁদায় গোধূলিতে-- মন আজও তার নাম জানে না, রূপ আজও তার নয়কো চেনা-- কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে ॥
এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে-- সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে। তোমার মরণ, নয় তো আমার মরণ-- যমের দিব্য করো যদি এরে হরণ-- ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না।