আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন-- সে কি অমনি হবে। আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন-- সে কি অমনি হবে॥ কে আমারে ভরসা করে আনতে আপন বশে-- সে কি অমনি হবে। আপনাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে-- সে কি অমনি হবে। আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন-- সে কি অমনি হবে।
তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো। একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো ॥ সে দিন সে তো জানে না কেউ আকাশ ভরে কিসের সে ঢেউ, তোমার সুরের তরী আমার রঙিন ফুলে কূল নিল গো ॥ সে দিন আমার মনে হল, তোমার গানের তাল ধ'রে আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ'রে। গান তবু তো গেল ভেসে, ফুল ফুরালো দিনের শেষে, ফাগুনবেলার মধুর খেলায় কোন্খানে হায় ভুল ছিল গো ॥
দূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে। যা, তোরা যা সখী, যা শুধা গে, ঐ আকুল অধর আঁখি কী ধন যাচে। ছি, ওলো ছি, হল কী, ওলো সখী। লাজ-বাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল! কেমনে যাব, কী শুধাব। লাজে মরি, কী মনে করে পাছে। যা, তোরা যা সখী, যা শুধা গে, ওই আকুল অধর আঁখি কী ধন যাচে।