তার হাতে ছিল হাসির ফুলের হার কত রঙে রঙ-করা। মোর সাথে ছিল দুখের ফলের ভার অশ্রুর রসে ভরা ॥ সহসা আসিল, কহিল সে সুন্দরী 'এসো-না বদল করি'। মুখপানে তার চাহিলাম, মরি মরি, নিদয়া সে মনোহরা ॥ সে লইল মোর ভরা বাদলের ডালা, চাহিল সকৌতুকে। আমি লয়ে তার নব ফাগুনের মালা তুলিয়া ধরিনু বুকে। 'মোর হল জয়' যেতে যেতে কয় হেসে, দূরে চলে গেল ত্বরা। সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে ফুলগুলি সব ঝরা ॥
আরো আরো প্রভু, আরো আরো। এমনি করে আমায় মারো। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই? যা কিছু আছে সব কাড়ো কাড়ো। এবার যা করবার তা সারো সারো। আমি হারি কিম্বা তুমিই হারো! হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা, দেখি কেমনে কাঁদাতে পারো।