আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও। বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥ আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-- তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান। তারে আনন্দের এই জাগরণী ছুঁই'য়ে দাও। বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মরো, সে কি আছে ভুবনে-- সে তো রয়েছে মনে। ওগো, মনের মতো সেই তো হবে, তুমি শুভক্ষণে যাহার পানে চাও। তোমার আপনার যে জন, দেখিলে না তারে। তুমি যাবে কার দ্বারে। যারে চাবে তারে পাবে না, যে মন তোমার আছে, যাবে তাও॥
বারে বারে পেয়েছি যে তারে চেনায় চেনায় অচেনারে ॥ যারে দেখা গেল তারি মাঝে না-দেখারই কোন্ বাঁশি বাজে, যে আছে বুকের কাছে কাছে চলেছি তাহারি অভিসারে ॥ অপরূপ সে যে রূপে রূপে কী খেলা খেলিছে চুপে চুপে। কানে কানে কথা উঠে পূরে কোন্ সুদূরের সুরে সুরে চোখে-চোখে-চাওয়া নিয়ে চলে কোন্ অজানারই পথপারে ॥