অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার সে কেন গো কাঁদিছে! অশ্রুজল মুছিবার নাহি রে অঞ্চল যার সেও কেন কাঁদিছে! কেহ যার দুঃখগান শুনিতে পাতে না কান, বিমুখ সে হয় যারে শুনাইতে চায়, সে আর কিসের আশে রয়েছে সংসারপাশে-- জ্বলন্ত পরান বহে কিসের আশায়॥
জীবন যখন ছিল ফুলের মতো পাপড়ি তাহার ছিল শত শত ॥ বসন্তে সে হ'ত যখন দাতা ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা, তবুও যে তার বাকি রইত কত ॥ আজ বুঝি তার ফল ধরেছে, তাই হাতে তাহার অধিক কিছু নাই। হেমন্তে তার সময় হল এবে পূর্ণ করে আপনাকে সে দেবে, রসের ভারে তাই সে অবনত ॥