আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে। আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন, সে কি অমনি হবে॥ আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বশে, সে কি অমনি হবে। তার আগে তার পাষাণ হিয়া গলবে করুণ রসে, সে কি অমনি হবে। আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন, সে কি অমনি হবে॥
আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে॥ আছে সে নয়নতারায় আলোকধারায়, তাই না হারায়-- ওগো তাই দেখি তায় যেথায় সেথায় তাকাই আমি যে দিক-পানে॥ আমি তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা, শোনা হল না, হল না-- আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি শুনি তাহার বাণী আপন গানে॥ কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে, দেখা মেলে না মেলে না,-- ও তোরা আয় রে ধেয়ে দেখ্ রে চেয়ে আমার বুকে -- ওরে দেখ্ রে আমার দুই নয়ানে॥