বিদায় করেছ যারে নয়ন-জলে, এখন ফিরাবে তারে কিসের ছলে। আজি মধু সমীরণে, নিশীথে কুসুম-বনে, তারে কি পড়েছে মনে বকুল-তলে? এখন ফিরাবে আর কিসের ছলে। সেদিনো তো মধুনিশি, প্রাণে গিয়েছিল মিশি, মুকুলিত দশদিশি কুসুম-দলে। দুটি সোহাগের বাণী, যদি হত কানাকানি যদি ঐ মালাখানি পরাতে গলে। এখন ফিরাবে তারে কিসের ছলে। মধুনিশি পূর্ণিমার, ফিরে আসে বার বার, সে জন ফেরে না আর, যে গেছে চলে। ছিল তিথি অনকূল, শুধু নিমেষের ভুল, চিরদিন তৃষাকুল পরান জ্বলে। এখন ফিরাবে তারে কিসের ছলে।
ফুলটি ঝরে গেছে রে। বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে॥ শুধু সে পাখিটি মুদিয়া আঁখিটি সারাদিন একলা বসে গান গাহিতেছে॥ প্রতিদিন দেখত যারে আর তো তারে দেখতে না পায়-- তবু সে নিত্যি আসে গাছের শাখে, সেইখেনেতেই বসে থাকে, সারা দিন সেই গানটি গায় সন্ধ্যা হলে কোথায় চলে যায়॥