চুরি হয়ে গেছে রাজকোষে, চোর চাই যে করেই হোক। হোক-না সে যেই-কোনো লোক, চোর চাই। নহিলে মোদের যাবে মান! নির্দোষী বিদেশীর রাখো প্রাণ, দুই দিন মাগিনু সময়। রাখিব তোমার অনুনয়; দুই দিন কারাগারে রবে, তার পর যা হয় তা হবে।
ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি, যা উড়ে যা উড়ে যা রে একাকী॥ বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবি আনন্দ, দিশাহারা মেঘ যে গেল ডাকি॥ নির্মল দুঃখ যে সেই তো মুক্তি নির্মল শূন্যের প্রেমে-- আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা, নিঃশেষে যাক সে থেমে। দুরাশায় যে মরাবাঁচায় এত দিন ছিলি তোর খাঁচায়, ধুলিতলে তারে যাবি রাখি॥