শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে। পাতাগুলি শির্শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥ উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে, তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥ শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইনু বসে সকল বেলা। শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে, সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন্ সকালে॥
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে জানি নে॥ সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে, পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে, জানি নে॥ সে কি আপন রঙে ফুল রাঙাবে। সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে। ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার। , গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে, জানি নে॥