আমার নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে, সেথায় কালো ছায়ার মায়ার ঘোরে পথ হারালো ও যে॥ নীরব দিঠে শুধায় যত পায় না সাড়া মনের মতো, অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় ম'জে॥ তুমি আমার কথার আভাখানি পেয়েছ কি মনে। এই-যে আমি মালা আনি, তার বাণী কেউ শোনে? পথ দিয়ে যাই, যেতে যেতে হাওয়ায় ব্যথা দিই যে পেতে-- বাঁশি বিছায় বিষাদ-ছায়া তার ভাষা কেউ বোঝে॥
কোন্ খেলা যে খেলব কখন্ ভাবি বসে সেই কথাটাই-- তোমার আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ॥ শিশির-ভেজা সকালবেলা আজ কি তোমার ছুটির খেলা-- বর্ষণহীন মেঘের মেলা তার সনে মোর মনকে ভাসাই ॥ তোমার নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী-- ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি। সে দিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে-- অকাতরে পরানটাকে প্রলয়দোলায় দোলাতে চাই ॥
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চ'লে যায়-- পিছে ফেলে যায় মিছে আশা ॥ অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধখানি কথা সাঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা ॥