অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে। তবে তো ফুল বিকাশে। কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে। ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহ পাশে। ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয়-রতন আশে। ফিরে এস ফিরে এস, বন মোদিত ফুলবাসে। আজি বিরহ-রজনী ফুল্ল কুসুম শিশির-সলিলে ভাসে।
তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে দেবে কি গো বাসা আমায় একটি ধারে?। আমি শুনব ধ্বনি কানে, আমি ভরব ধ্বনি প্রাণে, সেই ধ্বনিতে চিত্তবীণায় তার বাঁধিব বারে বারে ॥ আমার নীরব বেলা সেই তোমারি সুরে সুরে ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে। আমার দিন ফুরাবে যবে, যখন রাত্রি আঁধার হবে, হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে ॥