ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥ বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী॥ যে পথে যেতে হবে সে পথে তুমি একা-- নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা। সারা দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি॥
মনে রয়ে গেল মনের কথা-- শুধু চোখের জল, প্রাণের ব্যথা ॥ মনে করি দুটি কথা ব'লে যাই, কেন মুখের পানে চেয়ে চলে যাই। সে যদি চাহে মরি যে তাহে, কেন মুদে আসে আঁখির পাতা ॥ ম্লানমুখে, সখী, সে যে চলে যায়-- ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আয় বুঝিল না সে যে কেঁদে গেল-- ধুলায় লুটাইল হৃদয়লতা।