ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে। ওর পথ খোলে রে বিদায়রজনীতে॥ গগনে তার মেঘদুয়ার ঝেঁপে বুকেরই ধন বুকেতে ছিল চেপে, প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে-- এল যে ডাক ভোরের রাগিণীতে॥ শীতল হোক বিমল হোক প্রাণ, হৃদয়ে শোক রাখুক তার দান। যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো, সে ফাঁক দিয়ে আসুক তবে আলো-- বিজনে বসি পূজাঞ্জলি ঢালো শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে॥
দিন পরে যায় দিন, বসি পথপাশে গান পরে গাই গান বসন্তবাতাসে॥ ফুরাতে চায় না বেলা, তাই সুর গেঁথে খেলা-- রাগিণীর মরীচিকা স্বপ্নের আভাসে॥ দিন পরে যায় দিন, নাই তব দেখা। গান পরে গাই গান, রই বসে একা। সুর থেমে যায় পাছে তাই নাহি আস কাছে-- ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে॥