ফেলে রাখলেই কি পড়ে রবে ও অবোধ। যে তার দাম জানে সে কুড়িয়ে লবে ও অবোধ ॥ ও যে কোন্ রতন তা দেখ্-না ভাবি, ওর 'পরে কি ধুলোর দাবি? ও হারিয়ে গেলে তাঁরি গলার হার গাঁথা যে ব্যর্থ হবে ॥ ওর খোঁজ পড়েছে জানিস নে তা? তাই দূত বেরোল হেথা সেথা। যারে করলি হেলা সবাই মিলি আদর যে তার বাড়িয়ে দিলি-- যারে দরদ দিলি তার ব্যথা কি সেই দরদীর প্রাণে সবে?
স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল– অযুত জগত মগন সেই মহাসমুদ্রে।। তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন– সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত। পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান– তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত।।