দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে-- আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে ॥ বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী-- এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥ তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে ॥
না না কাজ নাই, যেও না বাছা,-- গভীরা রজনী, ঘোর ঘন গরজে, তুই যে এ অন্ধের নয়নতারা। আর কে আমার আছে! কেহ নাই, কেহ নাই-- তুই শুধু রয়েছিস হৃদয় জুড়ায়ে-- তোরেও কি হারাব বাছা রে, সে ত প্রাণে স'বে না!