শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল শীতের বনে এলে যে-- আমার শীতের বনে এলে যে সেই শূন্যক্ষণে॥ তাই গোপনে সাজিয়ে ডালা দুখের সুরে বরণমালা গাঁথি মনে মনে শূন্যক্ষণে॥ দিনের কোলাহলে ঢাকা সে যে রইবে হৃদয়তলে-- আমার বরণমালা রইবে হৃদয়তলে॥ রাতের তারা উঠবে যবে সুরের মালা বদল হবে তখন তোমার সনে মনে মনে॥
না বলে যেয়ো না চলে মিনতি করি! গোপনে জীবন মন লইয়া হরি। সারা নিশি জেগে থাকি, ঘুমে ঢুলে পড়ে আঁখি, ঘুমালে হারাই পাছে সে ভয়ে মরি॥ চকিতে চমকি বঁধু, তোমারে খুঁজি-- থেকে থেকে মনে হয় স্বপন বুঝি। নিশিদিন চাহে হিয়া পরান পসারি দিয়া অধীর চরণ তব বাঁধিয়া ধরি॥