যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। যে লতাটি আছে শুকায়েছে মূল কুঁড়ি ধরে শুধু, নাহি ফোটে ফুল, আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে। পূজাগৌরব পুণ্যবিভব কিছু নাহি, নাহি লেশ, এ তব পূজারী পরিয়া এসেছে লজ্জার দীন বেশ। উৎসবে তার আসে নাই কেহ, বাজে নাই বাঁশি, সাজে নাই গেহ-- কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া ভাঙা মন্দির -দ্বারে।
যে আমারে পাঠাল এই অপমানের অন্ধকারে পূজিব না, পূজিব না সেই দেবতারে পূজিব না। কেন দিব ফুল, কেন দিব ফুল, কেন দিব ফুল আমি তারে-- যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিক্কারে। জানি না হায় রে কী দুরাশায় রে পূজাদীপ জ্বালি মন্দিরদ্বারে। আলো তার নিল হরিয়া দেবতা ছলনা করিয়া, আঁধারে রাখিল আমারে॥