সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা-- ভালো আর মন্দেরে। আপনাতে কেন মিটাল না যত কিছু দ্বন্দ্বেরে-- ভালো আর মন্দেরে। নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা সাগরহৃদয়ে গহনে হয় হারা, ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো প্রেমের আনন্দেরে-- ভালো আর মন্দেরে॥
অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে, সে বীণা আজি উঠিল বাজি' হৃদয়মাঝে॥ ভুবন আমার ভরিল সুরে, ভেদ ঘুচে যায় নিকটে দূরে, সেই রাগিণী লেগেছে আমার সকল কাজে॥ হাতে পাওয়ার চোখে চাওয়ার সকল বাঁধন, গেল কেটে আজ সফল হল সকল কাঁদন। সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা সেই তো পাওয়া, বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে॥