গান দিয়ে যে তোমায় খুঁজি বাহির মনে চিরদিবস মোর জীবনে। নিয়ে গেছে গান আমারে ঘরে ঘরে দ্বারে দ্বারে, গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই এই ভুবনে। কত শেখা সেই শেখালো, কত গোপন পথ দেখালো, চিনিয়ে দিল কত তারা হৃদ্গগনে। বিচিত্র সুখদুখের দেশে রহস্যলোক ঘুরিয়ে শেষে সন্ধ্যাবেলায় নিয়ে এল কোন্ ভবনে।
এই কথা সদা শুনি, "গেছে চলে", "গেছে চলে।" তবু রাখি ব'লে ব'লো না, "সে নাই।" সে-কথাটা মিথ্যা, তাই কিছুতেই সহে না যে, মর্মে গিয়ে বাজে। মানুষের কাছে যাওয়া-আসা ভাগ হয়ে আছে। তাই তার ভাষা বহে শুধু আধখানা আশা। আমি চাই সেইখানে মিলাইতে প্রাণ যে-সমুদ্রে "আছে' "নাই' পূর্ণ হয়ে রয়েছে সমান।