এ হতভাগারে ভালো কে বাসিতে চায়? সুখ-আশা থাকে যদি বেসো না আমায়! এ জীবন, অভাগার -- নয়ন সলিলধার বলো সখি কে সহিতে পারিবে তা হায়! এ ভগ্নপ্রাণের অতি বিষাদের গান বলো সখি কে শুনিতে পারে সারা প্রাণ গেছি ভুলে ভালোবাসা -- ছাড়িয়াছি সুখ-আশা ভালোবেসে কাজ নাই স্বজনি আমায়!
পথ দিয়ে কে যায় গো চলে ডাক দিয়ে সে যায়। আমার ঘরে থাকাই দায়। পথের হাওয়ায় কী সুর বাজে, বাজে আমার বুকের মাঝে বাজে বেদনায়। আমার ঘরে থাকাই দায়। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এল বান, আমার লাগল প্রাণে টান। আপন মনে মেলে আঁখি আর কেন বা পড়ে থাকি কিসের ভাবনায়? আমার ঘরে থাকাই দায়।