সংসারেতে দারুণ ব্যথা লাগায় যখন প্রাণে "আমি যে নাই' এই কথাটাই মনটা যেন জানে। যে আছে সে সকল কালের, এ কাল হতে ভিন্ন-- তাহার গায়ে লাগে না তো কোনো ক্ষতের চিহ্ন।
আমার চিত্ত তোমায় নিত্য হবে সত্য হবে-- ওগো সত্য,আমার এমন সুদিন ঘটবে কবে। সত্য সত্য সত্য জপি, সকল বুদ্ধি সত্যে সঁপি, সীমার বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে, সত্য, তোমার পূর্ণ প্রকাশ দেখব কবে। তোমায় দূরে সরিয়ে, মরি আপন অসত্যে। কী যে কাণ্ড করি গো সেই ভূতের রাজত্বে। আমার আমি ধুয়ে মুছে তোমার মধ্যে যাবে ঘুচে, সত্য, তোমায় সত্য হব বাঁচব তবে, তোমার মধ্যে মরণ আমার মরবে কবে।
দাঁয়েদের গিন্নিটি কিপ্টে সে অতিশয়, পান থেকে চুন গেলে কিছুতে না ক্ষতি সয়। কাঁচকলা-খোষা দিয়ে পচা মহুয়ার ঘিয়ে ছেঁচকি বানিয়ে আনে-- সে কেবল পতি সয়; একটু করলে 'উহুঁ' যদি এক রতি সয়!