কখনো সাজায় ধূপ কখনো বা মাল্য, গ্ল্যাক্সোধারায় মনে এনে দেয় বাল্য। সরিষার তেলে দেহ দেয় ক'ষে মাজিয়া। নিয়মের ত্রুটি হলে করে ঘোর কাজিয়া-- কোথা হতে নেমে আসে বকুনির ঝাঁক তার, তর্জনী তুলে বলে "ডেকে দেব ডাক্তার'। এইমত বসে আছি আরামে ও ব্যারামে যেন বোগ্দাদে কোন্ নবাবের হ্যারামে॥
মুরগি পাখির 'পরে অন্তরে টান তার, জীবে তার দয়া আছে এই তো প্রমাণ তার। বিড়াল চাতুরী ক'রে পাছে পাখি নেয় ধরে এই ভয়ে সেই দিকে সদা আছে কান তার-- শেয়ালের খলতায় ব্যথা পায় প্রাণ তার।