হাস্যদমনকারী গুরু-- নাম যে বশীশ্বর, কোথা থেকে জুটল তাহার ছাত্র হসীশ্বর। হাসিটা তার অপর্যাপ্ত, তরঙ্গে তার বাতাস ব্যাপ্ত, পরীক্ষাতে মার্কা যে তাই কাটেন মসীশ্বর। ডাকি সরস্বতী মাকে,-- 'ত্রাণ করো এই ছেলেটাকে, মাস্টারিতে ভর্তি করো হাস্যরসীশ্বর।'
আমার বোঝা এতই করি ভারী-- তোমার ভার যে বইতে নাহি পারি। আমারি নাম সকল গায়ে লিখা, হয় নি পরা তব নামের টিকা-- তাই তো আমায় দ্বার ছাড়ে না দ্বারী। আমার ঘরে আমিই শুধু থাকি, তোমার ঘরে লও আমারে ডাকি। বাঁচিয়ে রাখি যা-কিছু মোরে আছে তার ভাবনায় প্রাণ তো নাহি বাঁচে-- সব যেন মোর তোমার কাছে হারি।