তুমি আড়াল পেলে কেমনে এই মুক্ত আলোর গগনে? কেমন করে শূন্য সেজে ঢাকা দিলে আপনাকে যে, সেই খেলাটি উঠল বেজে বেদনে-- আমার প্রাণের বেদনে। আমি এই বেদনার আলোকে তোমায় দেখব দ্যুলোক-ভূলোকে। সকল গগন বসুন্ধরা বন্ধুতে মোর আছে ভরা, সেই কথাটি দেবে ধরা জীবনে-- আমার গভীর জীবনে।
আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে? সে সুধা গড়িয়ে গেল লোকে লোকে। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। ফুলেরা সকল গায়ে নিল মেখে। পাখিরা পাখায় তারে নিল এঁকে। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। সে যে ওই দুঃখশিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে! সে যে ওই বিদীর্ণ বীর-হৃদয় হতে বহিল মরণ-রূপী জীবনস্রোতে। সে যে ওই ভাঙাগড়ার তালে তালে নেচে যায় দেশে দেশে কালে কালে।