তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সব খানে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে? আঁধারের তারা যত অবাক হয়ে রয় চেয়ে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে স্বর্ণ-কমল, আগুনের কী গুণ আছে কে জানে।
ফসল গিয়েছে পেকে, দিনান্ত আপন চিহ্ন দিল তারে পাণ্ডূর আভায়। আলোকের ঊর্ধ্বসভা হতে আসন পড়িছে নুয়ে ভূতলের পানে। যে মাটির উদ্বোধন বাণী জাগায়েছে তারে একদিন, শোনো আজি তাহারই আহ্বান আসন্ন রাত্রির অন্ধকারে। সে মাটির কোল হতে যে দান নিয়েছে এতকাল তার চেয়ে বেশি প্রাণ কোথাও কি হবে ফিরে দেওয়া কোনো নব জন্মদিনে নব সূর্যোদয়ে!